[বাংলা] অদৃশ্য গণিত: চোখের সামনেই লুকিয়ে থাকা রহস্য যদি গণিত কেবল সমীকরণ সমাধান করা কিংবা স্কুলে পড়ার মতো একটি বিষয় না হয়ে অন্য কিছু হতো? যদি গণিত হতো এই বিশ্বকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি? গণিত প্রায়শই আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে, যদিও আমরা সব সময় তা খেয়াল করি না। আপনার প্রিয় গানের ছন্দে, আপনার পোশাকের নকশায়, প্রজাপতির ডানার সামঞ্জস্যে, বলের লাফালাফিতে, এমনকি একটি পিজ্জা ভাগ করে নেওয়ার উপায়ের মধ্যেও গণিত লুকিয়ে রয়েছে। এটি ছড়িয়ে রয়েছে প্রকৃতিতে, আমাদের খেলায়, তৈরি করা শিল্পকর্মে, শখে এবং আমাদের আশেপাশে সব জায়গায়। দাঁড়ান... এটাও গণিত?! আমরা যখন একটু থেমে মনোযোগ দিয়ে দেখি, তখন নানা রকম অবাক করা জায়গায় গণিতের উপস্থিতি খুঁজে পাই। এই 'স্টুডিও' আপনাকে আপনার চারপাশের জগতে বিদ্যমান গণিতকে খুঁজে বের করার আমন্ত্রণ জানাচ্ছে। আপনার পছন্দের, প্রতিদিনের করা কিংবা কৌতূহল জাগায় এমন কোনো বিষয় দিয়ে শুরু করুন; তারপর একটি প্রজেক্ট তৈরি করুন যা আপনার খুঁজে পাওয়া সেই লুকিয়ে থাকা গণিত প্রকাশ করবে এবং অন্যান্য স্ক্র্যাচারদেরও (Scratchers) তা খেয়াল করতে সাহায্য করবে! শুরু করার জন্য কিছু আইডিয়া খুঁজছেন? • উদ্ভিদ, প্রাণী, পোশাক, স্থাপত্য বা সম্পূর্ণ অপ্রত্যাশিত কোথাও আপনার চোখে পড়া নকশা বা আকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে একটি ইন্টারেক্টিভ আর্টওয়ার্ক তৈরি করুন। • এমন কোনো গেম, অ্যানিমেশন বা মিউজিক প্রজেক্ট তৈরি করুন যা বিট, ছন্দ, প্যাটার্ন, টাইমিং বা শব্দতরঙ্গ নিয়ে কাজ করে। • একটি ফুটবল কিভাবে বাতাসে বাঁক নেয়, বাস্কেটবলে শট নেওয়ার কোণগুলো কেমন হয়, একজন দৌড়বিদের গতি, কোনো কিছুর অতিক্রান্ত দূরত্ব, কিংবা আপনার প্রিয় দলের জেতার সম্ভাবনা নিয়ে একটি প্রজেক্ট বানান। • একটি গল্প লিখুন যেখানে দেখা যাবে একজন নতুন বাবুর্চি রান্নাবান্নায় সঠিক পরিমাপ এবং পরিমাণের অনুপাত বজায় রাখার গুরুত্ব শিখছে। • এমন একটি এসকেপ রুম গেম তৈরি করুন যেখানে জেতার জন্য গাণিতিক ধাঁধা সমাধান করতে হবে। • ঘর সাজানোর একটি গেম বানান যেখানে খেলোয়াড়েরা বিভিন্ন আকৃতি, দূরত্ব কিংবা x এবং y স্থানাঙ্ক ব্যবহার করে ঘর সাজাবে। • আপনার প্রজেক্টটি বাইরের জগতে নিয়ে যান এবং প্রকৃতির লুকিয়ে থাকা গণিত অন্বেষণ করুন; যেমন—একটি ফুলের সামঞ্জস্যতা, ছায়ার গতিপথ, কিংবা আবহাওয়ার ধরণ ইত্যাদি। • আপনার পছন্দের বিষয়গুলোর মধ্যে গণিত খুঁজে নিন। সেটা হতে পারে গেমিং, নাচ, আঁকাআঁকি, ফ্যাশন, খেলাধুলা, গান—বা আপনার কাছে রোমাঞ্চকর মনে হয় এমন যেকোনো কিছু। এই সবকিছুর মধ্যেই গণিত লুকিয়ে রয়েছে। আপনার পছন্দের যেকোনো একটি বিষয় বেছে নিন এবং দেখুন এর ভেতর কী গণিত লুকিয়ে আছে! মনে রাখবেন, এগুলো শুধুই কিছু পরামর্শ এবং স্টুডিওর বিষয়বস্তুর সাথে মিল রাখতে আপনার প্রজেক্টটিকে স্কুলের কোনো গণিত ক্লাসের অ্যাসাইনমেন্টের মতো দেখতে হতে হবে না! গণিত রয়েছে আমাদের চারপাশে এবং এটি হয়তো এমন কোনো জায়গায় লুকিয়ে আছে যা আপনি আগে কখনো ভেবেও দেখেননি। আপনার নিজস্ব আইডিয়া নিয়ে কাজ করার কিংবা স্টুডিওতে থাকা অন্যান্য প্রজেক্ট থেকে অনুপ্রেরণা নিয়ে রিমিক্স করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তাহলে, আপনি কী তৈরি করতে যাচ্ছেন? =^..^=